পেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান বার্তা দিচ্ছে সবাই। ফুটবলের কিংবদন্তি এই ব্রাজিলিয়ানকে বিদায় বার্তা জানিয়েছেন মেসি-নেইমার-রোনালদোসহ আরও অনেকে। কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ফরাসি তারকা এমবাপ্পেও লিখেছেন পেলেকে নিয়ে বিদায়বার্তা।ইনস্টাগ্রামে পেলের সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা বিদায় নিয়েছেন, তবে তাকে ভোলা যাবে না। শান্তির ঘুম ঘুমাও রাজা।’
ইতিহাসে পেলে এবং এমবাপ্পেই ২০ বছর বয়স হওয়ার আগে বিশ্বকাপ জিতেছেন। কিন্তু ২৪ বছর বয়স হওয়ার আগে দুটি বিশ্বকাপ জেতার কীর্তি গড়েছেন শুধু পেলে। সেই রেকর্ড অক্ষত থেকে যায় কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায়।
এদিকে পেলেকে নিয়ে ছোট্ট এক বার্তায় মেসি লিখেছেন, ‘শান্তিতে থাকুন, পেলে।’ সাদাকালো ছবি শেয়ার করে রোনালদো তার ক্যাপশনে লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে এডসন অ্যারান্তেস দো নাসিমেন্তোর (পেলে) পরিবারের জন্য। ফুটবলের চিরন্তন রাজার বিদায় ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ করা যায় না। লাখো মানুষের কাছে তিনি অনুপ্রেরণা। অতীত বর্তমান এবং সর্বকালীন ক্ষেত্রেই তিনি দৃষ্টান্ত।’
এ ছাড়া ব্রাজিলের বর্তমান এবং আগের অনেক ফুটবলার পেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নেইমার, থিয়াগো সিলভা, ক্যাসিমিরো আরও অনেকে।
১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল পেলের। তখন পর পর দুবার বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। সেই দুই দলেই ছিলেন পেলে। মোট চারটি বিশ্বকাপ খেলে তিন বার বিশ্বকাপ জিতেছিলেন ফুটবলের এই লিজেন্ড।
Your article helped me a lot, is there any more related content? Thanks!