মোঃ গোলাপ মিয়া, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় লালমনিরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দীন বাবুল।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং জেলার সার্বিক প্রশাসনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।